মেহেরপুর

১০৪টি ইটভাটার ১০৩টিই অবৈধ

ফসলি জমির উপরিভাগের মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে এসব ভাটায়। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছের কাঠ।

অবৈধ ইটভাটাগুলো প্রশাসনের নাকের ডগার ওপর কার্যক্রম চালিয়ে যাচ্ছে
প্রথম আলো

মেহেরপুর জেলায় ইটভাটা রয়েছে ১০৪টি। এর মধ্যে মাত্র একটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছে। এই ছাড়পত্র পেতে আবেদন করেছেন ৮৫টি ভাটার মালিক। তাঁদের ভাটা পরিদর্শন করে শর্ত পূরণ না হওয়ায় এখনো ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। এর ফলে জেলায় বৈধ ভাটা মাত্র একটি। এত বিপুলসংখ্যক অবৈধ ইটভাটা প্রশাসনের নাকের ডগায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ১৭ জানুয়ারি মুজিবনগর উপজেলায় খুলনা ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০টি ইটভাটাকে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গত বছরের ২৬ ডিসেম্বর গাংনী উপজেলার চারটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে এভাবে কেবল জরিমানা করেই দায় সারছে, কোনো অবৈধ ভাটা বন্ধ হচ্ছে না; বরং জরিমানার পর আরও জোরেশোরে ইট প্রস্তুত করতে দেখা গেছে অবৈধ ভাটাগুলোকে।

গত মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য মামুনুর রশীদের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, দেশে ইটভাটার সংখ্যা ৭ হাজার ৮৮১। এর মধ্যে ৩ হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে। আর ৪ হাজার ৬৩৩টি ইটভাটা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত। এই হিসাব গত বছরের জুন পর্যন্ত।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর জানায়, আইন অনুযায়ী আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষিজমি, পরিবেশগত সংকটাপন্ন এলাকা, ডিগ্রেডেড এয়ার শেডে ইটের ভাটা স্থাপনের অনুমতি দেওয়া হয় না। এ ছাড়া সরকারি বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে এবং বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল–ক্লিনিক, গবেষণাপ্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটার ছাড়পত্র দেওয়া হয় না।

এ ছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে বলা আছে, যদি কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করেন, তাহলে ওই ব্যক্তি তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ২০১৩ সালে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধ ইটভাটাগুলো নানাভাবে পরিবেশের ক্ষতি করে চলেছে। এলাকার তিন ফসলি কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) দিয়ে ইট তৈরি করা হচ্ছে এসব অবৈধ ভাটাতে। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছের কাঠ। মাটি বহন করতে ট্রাক্টরের চলাচলে গ্রামীণ সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কৃষকের খেতে ধুলার স্তর পড়ে নষ্ট হচ্ছে ফসল।

সম্প্রতি সরেজমিনে আটটি ইটভাটা ঘুরে এসব অভিযোগের সত্যতা মিলেছে। সদর উপজেলার আশরাফপুর গ্রামের ছয়টি ইটভাটা রয়েছে কৃষিজমি ও লোকালয়ে। ওই গ্রামের হালসানা ব্রিকসের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিবছর প্রায় পাঁচ লাখ টাকা ভ্যাট নেয় জেলা কাস্টমস অধিদপ্তর। অন্যদিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আলাদা আলাদা বখরা রয়েছে। স্থানীয় নেতা-কর্মীও মাঝেমধ্যে কিছু চাঁদা নিয়ে থাকেন। এভাবে প্রতিটি ভাটা চলছে।

নাম প্রকাশ না করার শর্তে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের এক ভাটামালিক বলেন, সিংহভাগ ভাটার মালিকই ক্ষমতাসীন দলের পদ–পদবিধারী নেতা, নয়তো দলের নিষ্ঠাবান কর্মী অথবা দলের আশীর্বাদপুষ্ট। শুধু সাধারণ ইটভাটা ব্যবসায়ীদের টার্গেট করে জরিমানা করা হয়। যাঁরা ক্ষমতাসীন দলের নেতা, তাঁদের ভ্যাটও দিতে হয় না। কাস্টমস কর্মকর্তারা সাহস করে ভ্যাট নিতে পারেন না।

এ ব্যাপারে সদর উপজেলার দারিয়াপুর এলাকার এমএনবি ভাটার মালিক মিজানুর রহমান উল্টো প্রশ্ন রেখে বলেন, সারা দেশে বেশির ভাগ ইটভাটা লোকালয়, বিদ্যালয় ও কৃষিজমির মধ্যে গড়ে উঠেছে।

পরিত্যক্ত বা পতিত জমি কি বাকি রয়েছে কোথাও? মানুষ ভাটা কোথায় করবে? এত জরিমানা দিয়ে কি আর ভাটা চালানো যায়?

পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক আতাউর রহমান বলেন, অবৈধ ভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চালাচ্ছেন তাঁরা। তবে এসব ভাটা বন্ধে জেলা প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।