বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট, ৩ পুলিশ আহত

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

সিলেটে বকেয়া বিদ্যুৎ বিল না দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন পুলিশ ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারককেও হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরের কাষ্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হামলার অভিযোগে তনিম কান্তি দত্ত (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরের কাষ্টঘর এলাকায় অভিযান চালান। এ সময় বিল পরিশোধ না করায় তনিম কান্তি দত্ত নামের এক গ্রাহকের বাসার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় তনিম কান্তি দত্ত, তনয় কান্তি দত্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজন বাধা দেন এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বিদ্যুতের কাজে ব্যবহৃত গাড়ির চাবি নিয়ে যান হামলাকারীরা।

অভিযুক্ত ব্যক্তিকে বেশ কয়েকবার বকেয়া বিল পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে। আজ অভিযানের সময়ও বিল পরিশোধের জন্য অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। কিন্তু তিনি এসব না শুনে আমাদের ওপর দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করেন।
শামছ-ই-আরেফিন, নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২

এ সময় সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম, এএসআই মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল বাবুল আহমদ আহত হন।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে বেশ কয়েকবার বকেয়া বিল পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে। আজ অভিযানের সময়ও বিল পরিশোধের জন্য অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। কিন্তু তিনি এসব না শুনে আমাদের ওপর দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করেন। খারাপ ব্যবহার করে সরকারি কাজে বাধা প্রদান করেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।