কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বেশ নির্ভার আছেন। ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের নেতা-কর্মীরা ফুরফুরে মেজাজে প্রচারণা চালাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মো. তাজুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হন। পাঁচবার নির্বাচন করে (২০০১ সাল ছাড়া) চারবার জয়ী হন। এবারও তিনি প্রার্থী হন। মন্ত্রীর পক্ষে দলের নেতা-কর্মীরা একজোট।
এবার তাঁর সঙ্গে আরও ছয় প্রতিদ্বন্দ্বী আছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির মো. গোলাম মোস্তফা কামাল, জাসদের মনিরুল আনোয়ার, কৃষক শ্রমিক জনতা লীগের মো. জমির উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. হাছান মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মোয়াজ্জেম হোসেন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু বকর ছিদ্দিক।
সরেজমিনে দেখা গেছে, নৌকার প্রার্থী ছাড়া বাকি ছয় প্রার্থীর পোস্টার এলাকায় একেবারে কম। প্রতিদিন এ প্রার্থীরা গণসংযোগও করছেন না। লাকসামের বাসিন্দা আশিকুর রহমান ভূঁইয়া (৪৫) বলেন, এখানে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। মন্ত্রীর জয় কেবল সময়ের ব্যাপার। ফলে নির্বাচন সেভাবে জমেনি।
লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া বলেন, ‘লাকসাম ও মনোহরগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আছে। মন্ত্রী মহোদয় এলাকার উন্নয়নে অভাবনীয় কাজ করেছেন। উন্নয়নের কারণেই তিনি জয়ী হবেন। এখানে অন্য দলগুলোর কোনো কর্মকাণ্ড নেই।’
নৌকার প্রার্থী মো. তাজুল ইসলাম বলেন, নির্বাচন সবার জন্য উন্মুক্ত ছিল। বিএনপি আসেনি। এখন যারা আছে, তাদের নিয়েই ভোট হচ্ছে। পুরো নির্বাচনী এলাকায় নৌকার গণজোয়ার।
এদিকে অর্থমন্ত্রী মুস্তফা কামাল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি টানা দুবারের সভাপতি ও সাবেক আহ্বায়ক। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক ছিলেন। ২০০১ সাল ছাড়া ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে পরিকল্পনামন্ত্রী ও ২০১৯ সালে অর্থমন্ত্রী হন।
বাকি চার প্রার্থী হলেন জাতীয় পার্টির জোনাকী হুমায়ুন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম অহিদুর রহমান, গণফোরামের মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ কামরুজ্জামান। তাঁদের বেশির ভাগই ভোটারদের কাছে অচেনা প্রার্থী। গণসংযোগও তাঁরা সেভাবে করছেন না।
জাতীয় পার্টির প্রার্থী জোনাকী হুমায়ুন বলেন, ‘অনেক বড় নির্বাচনী এলাকা। ভোটারদের কাছে যাচ্ছি।’
নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুদ্দিন বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সে ধরনের প্রার্থী নেই। তারপরও আওয়ামী লীগ নির্বাচনী মাঠে তৎপর।
মুস্তফা কামাল বলেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। নৌকা এ আসনে বিপুল ভোটে জয়ী হবে। নৌকা স্বাধীনতা ও গণতন্ত্র দিয়েছে। এখন অর্থনৈতিক মুক্তি দিচ্ছে।