দেবীদ্বার উপজেলা চেয়ারম্যানের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় মামলা

কুমিল্লা জেলার মানচিত্র
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সরকারি গাড়িতে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় দেবীদ্বার থানায় মামলাটি করেন উপজেলা চেয়ারম্যানের অনুসারী আশরা গ্রামের মো. গিয়াস উদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, ওমর ফারুক, জামিউর রহমান, আহাম্মেদ শুভ, নিশান মিয়া ও নুরুন্নবী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৩ অক্টোবর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি সাহাপাড়া এলাকায় পূজামণ্ডপ থেকে ফেরার পথে আসামিরা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। এরপর রাত সাড়ে ১১টায় ভিংলাবাড়ি ধলাহাস সড়ক এলাকায় উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। এতে উপজেলা চেয়ারম্যানের পাঁচ অনুসারী আহত হন।

মামলার বাদী মো. গিয়াস উদ্দিন বলেন, পূর্বপরিকল্পিকভাবে হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যানের সরকারি গাড়িতে গুলি ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলা দায়ের করা হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত এ মামলার কোনো আসামি গ্রেপ্তার হননি।