যশোরে উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয় মিলেছে, স্বামী আটক

লাশ
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলা থেকে উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম হীরা বেগম (৩০)। গতকাল বুধবার রাতে উপজেলার জয়নগর গ্রামের ইটভাটার পাশে একটি কলাবাগানের ভেতর থেকে হাত বাঁধা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত হীরা বেগম নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আক্তার মোল্লার মেয়ে। এ ঘটনায় হীরার স্বামী ইসলাম গাজীকে (৩৬) আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ইসলাম গাজী মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের আমিনুর রহমান গাজীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ইসলাম গাজী খুন হওয়া হীরা বেগমের তৃতীয় স্বামী। পারিবারিক গোলযোগের জের ধরে কিছুদিন আগে এলাকায় সালিস হয়। এ ঘটনায় মাতবরেরা গাজীকে মারধর করেন। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এতে ক্ষিপ্ত হন ইসলাম গাজী।

এই কর্মকর্তা আরও বলেন, পরে হীরা বেগম আবারও তাঁকে বিয়ের জন্য মনিরামপুর উপজেলার চাকলা গ্রামে ইসলাম গাজীর বাড়িতে যান। এরপর গাজী গতকাল সন্ধ্যায় হীরাকে মোটরসাইকেলে করে তাঁর বাবার বাড়ি নড়াইলে নিয়ে যাচ্ছিলেন। পথে ঝগড়া শুরু হলে হীরা মোটরসাইকেল থেকে নেমে যান। এ সময় গাজী তাঁর কাছে থাকা ছুরি দিয়ে হীরাকে কুপিয়ে হত্যা করেন। র‍্যাব মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে ইসলাম গাজীকে আটক করে। হীরা হত্যা মামলায় গাজীকে গ্রেপ্তার দেখিয়ে মনিরামপুর থানায় সোপর্দ করা হবে।