ময়লার স্তূপ কয়েকবার অপসারণ করা হলেও সেখানে আবারও ময়লা ফেলে স্তূপ বানিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে অসহায় শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির শ্রেণিকক্ষ ঘেঁষেই ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। সেখান থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে বেশির ভাগ সময়েই মাস্ক পরে থাকতে হয় শিক্ষার্থীদের। ময়লার স্তূপটি কয়েকবার অপসারণ করা হলেও সেখানে আবারও ফেলা হয় ময়লা। বিষয়টি নিয়ে অনেকটা অসহায় নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিকবিদ্যালয়টির শিক্ষক–শিক্ষার্থীরা।
বিদ্যালয়টি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা শমসেরপুল ব্রিজ এলাকায়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭২০ জন। শিক্ষক ২১ জন। দুই পালায় চলে পাঠদান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের দাবি, দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে ভোগান্তি থেকে রেহাই দেওয়া হোক।
কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে অতিসত্বর ময়লার স্তূপ স্থায়ীভাবে অপসারণ করা দরকারঅরুণ কান্তি মণ্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
শমসেরপুল ব্রিজ এলাকার বাসিন্দা ইউনুছ মিয়া বলেন, ‘স্কুলের এই সাইড দিয়া যাওয়া-আহা করলে নাক মুখ চাইপা ধরতে হয়। স্কুলের বাচ্চাগুলান কেমনে এই গন্ধে ক্লাস করে, আল্লাহ মাবুদ জানে! এই ময়লা পরিষ্কার করলে সবারই উপকার অইবো।’
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবন ঘেঁষেই রয়েছে ময়লা–আবর্জনার বিশাল একটি স্তূপ। উৎকট গন্ধে শ্রেণিকক্ষে বসে থাকা কঠিন। দুর্গন্ধ ঠেকাতে বন্ধ করে রাখা হয়েছে অধিকাংশ জানালা। অনেক শিক্ষার্থী গন্ধের কারণে মাস্ক পরে ক্লাস করছে। বিদ্যালয়ের শিক্ষকদের মিলনায়তন কক্ষও দুর্গন্ধে একাকার। উপায় না থাকায় বাধ্য হয়ে শিক্ষকেরা সেখানে বসেই বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কার্যালয়ে একাধিকবার জানানো হয়েছে। কর্মকর্তারা এসে সরেজমিনে পরিদর্শন করে গেছেন। এরপরও ময়লার স্তূপ স্থায়ীভাবে অপসারণ করা যায়নি। ময়লার কারণে বিদ্যালয়ে মশা ও মাছির উপদ্রব বেড়েছে। দুর্গন্ধ কমাতে ময়লার স্তূপের পাশে বাঁশের খুঁটি দিয়ে টিনের বেড়া স্থাপন ও কাপড় টাঙানো হয়েছিল। রাতের আঁধারে কে বা কারা সেগুলো নিয়ে যায়। এমনকি মাঝেমধ্যে লোকজন বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও ময়লা আবর্জনা ফেলে যায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ কান্তি মণ্ডল বলেন, ‘দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে পাঠদান করা মুশকিল হয়ে পড়েছে। আমরা লোকজন দিয়ে একাধিকবার ময়লা–আবর্জনার স্তূপ অপসারণ করেছি। কিছু দিনের মধ্যে পুনরায় আগের মতো অবস্থা হয়ে যায়। কোনোভাবে এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে অতিসত্বর ময়লার স্তূপ স্থায়ীভাবে অপসারণ করা দরকার।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল হক জানান, বিদ্যালয়ের পাশে ময়লা না ফেলতে মাইকিংও করা হয়েছে। তবুও ঠেকানো যাচ্ছে না। এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান তিনি। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফরোজা আক্তার বলে, ‘আমাদের ক্লাসের পাশের জায়গায় সব সময় ময়লা জমে থাকে। ময়লার দুর্গন্ধের
কারণে ক্লাস করতে কষ্ট হয়। আমরা অনেকে মাস্ক পরে ক্লাস করি। দ্রুত ময়লা–আবর্জনার স্তূপ অপসারণ করা হোক।’