দেশব্যাপী সোনার দোকানে চুরি-ডাকাতি ছিল তাঁদের টার্গেট

আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশ। বুধবার সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়েছেন তাঁরা। গড়েছেন ডাকাত দল। দলটির মূল টার্গেট সোনার দোকানে চুরি-ডাকাতি। প্রথমে তাঁরা এলাকা ঠিক করেন। এরপর বাড়ি ভাড়া নেন সেই এলাকায়। কিছুদিন সেখানে অবস্থান করে ডাকাতির টার্গেট ঠিক করেন। এরপর সুযোগ বুঝে চুরি অথবা ডাকাতি করে সটকে পড়েন। পাবনা জেলা পুলিশ অভিযান চালিয়ে এমনই এক ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ৬ ভরি ৫ আনা সোনা, ৫০ ভরি রুপা ও সোনা বিক্রির ৭ লাখ ৯০ হাজার টাকাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের শহিদুল হাওলাদার (৪৯), আবদুল মালেক (৪০), বাবুল হাওলাদার (৫২), বোকদা বাবুল (৫০); একই উপজেলার ধানসাগর গ্রামের শান্ত মিস্ত্রি (২০); একই জেলার মোরেলগঞ্জ উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের বাবুল কুলু (৫৩); মোংলা উপজেলার শেহলাবুনিয়া গ্রামের রুস্তম আলী শেখ (৬০); নাটোর সদর উপজেলার পারখোলাবাড়িয়া গ্রামের সাঈদ আলী (৫৭) ও একই উপজেলার হৈবতপুর গ্রামের জালাল উদ্দিন (৩৭)। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির ৩ থেকে ১০টি মামলা রয়েছে।

তাঁরা প্রথমে কোন দোকানে চুরি করবেন, সেই টার্গেট ঠিক করেন। এরপর ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে চুরির পরিকল্পনা আঁটেন।
আন্তঃজেলা ডাকাত দলের কাছ থেকে জব্দ করা ৬ ভরি ৫ আনা সোনা, ৫০ ভরি রুপা ও সোনা বিক্রির ৭ লাখ ৯০ হাজার টাকাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম

পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৯ নভেম্বর রাতে ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া বাজারে মল্লিকা জুয়েলার্স নামের একটি সোনার দোকানে চুরি হয়। চোরের দল ওই দোকানের পাশের একটি কাপড়ের দোকানে ঢুকে দেয়াল কেটে সোনার দোকানটিতে প্রবেশ করে। এ ঘটনায় ৩ ডিসেম্বর ঈশ্বরদী থানায় মামলা হয়। এর পর থেকে চোরের দলটি ধরতে অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তিন দিন অভিযান জালিয়ে রাজশাহী, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে এ দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁদের প্রধান টার্গেট সোনার দোকান। তাঁরা প্রথমে কোন দোকানে চুরি করবেন, সেই টার্গেট ঠিক করেন। এরপর ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে চুরির পরিকল্পনা আঁটেন। সুযোগ বুঝে চুরি অথবা ডাকাতি করে সটকে পড়েন।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা চুরি ও ডাকাতির কথা স্বীকার করেছেন। তাঁদের আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে দীর্ঘ জিজ্ঞাসাবাদে এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।