
সাতক্ষীরা শহরের একটি হোটেলে গোপন বৈঠক করার অভিযোগে সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাজকিন আহমেদসহ বিএনপির ১২ নেতাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বেলা দুইটার দিকে শহরের হোটেল আল কাসেমের দ্বিতীয় তলা থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক অন্য নেতারা হলেন পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান, আব্দুল রাজ্জাক, বাবলুর রহমান, নেছারুল ইসলাম, সাঈদ, রোকনুজ্জামান, কামরুজ্জামান, আবু দাউদ ও নাছির উদ্দিন। বাকি দুজনের নাম জানা যায়নি।
জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জানান, গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ বেলা ১১টায় শহরের হোটেল আল কাসেমের দ্বিতীয় তলায় ওই কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। সভা একটু দেরিতে শুরু হয়েছিল। সভা চলাকালে বেলা দুইটার দিকে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।
‘কাউকে গ্রেপ্তার করা হয়নি’ উল্লেখ করে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হোটেল আল কাসেমে কিছু মানুষ একত্রিত হয়ে গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে তাঁদের থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে পারলে ছেড়ে দেওয়া হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।