এক মাসে মানিকগঞ্জ সদর উপজেলায় কমপক্ষে ৩০টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ কয়েকটি চক্র এসব চুরির সঙ্গে জড়িত।
এক মাসে দিঘী ইউনিয়নে ১২টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও ঝামেলা পোহানোর ভয়ে কেউ পুলিশকে বিষয়টি জানান না।
প্রায় এক সপ্তাহ ধরে গ্রাম পাহারা দিচ্ছেন এলাকাবাসী।
মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। চুরি ঠেকাতে কোনো কোনো এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী জানান, গত এক মাসে সদর উপজেলায় কমপক্ষে ৩০টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ চুরিই রাতের বেলায় হয়েছে।
২০ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলার দিঘি গ্রামের রিকশাচালক সদা মিয়ার ব্যাটারিচালিত রিকশা চুরি হয়। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে তিনি এখন হতাশ। প্রথম আলোকে সদা মিয়া বলেন, ‘কিস্তিতে ৬০ হাজার টাকা দিয়ে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলাম। এই রিকশা চালিয়ে উপার্জনের টাকায় আমার সংসার চলতো। কিস্তি এখনও শেষ হয়নি। এহন সংসার চালামু কেমনে, কিস্তির টাকা দিমু কেমনে।’
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, চোরেরা আগে থেকেই একটা গ্রামে কয়েকটি বাড়ি নির্দিষ্ট করে বসবাসকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। রাতের বেলায় যখন বাড়ির লোকজন ঘুমিয়ে যান, তখন সুযোগ বুঝে চোরেরা হানা দেয়। প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও ঝামেলা পোহানোর ভয়ে কেউ পুলিশকে বিষয়টি জানান না। সংঘবদ্ধ কয়েকটি চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে। চুরি ঠেকাতে পুলিশি টহল আরও বাড়ানো উচিত বলে তাঁরা মনে করেন।
গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর আগের রাতে একই ইউনিয়নের পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসব বাড়ি থেকে চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়। এ ছাড়া সম্প্রতি এই ইউনিয়নের দিঘী ও কয়রা গ্রামে বাড়ি থেকে অন্তত তিনটি ব্যাটারিচালিত রিকশা ও একটি ইজিবাইক চুরি হয়েছে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ প্রতিবেদক নূর সিদ্দিকী জানান, গত ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য কৃষ্ণপুর গ্রামে তাঁর ও তাঁর ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতর আলমারি থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মুঠোফোন সেট চুরি করে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। গত বুধবার রাতে একই গ্রামের মৃত রফিক বিশ্বাস ও ফুল চানের বাড়িতেও চুরি হয়। এ ছাড়া প্রায় দুই সপ্তাহ আগে কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রাম থেকে ঘরের গ্রিল কেটে মোটরসাইকেল চুরি হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা ছাড়াও সিঙ্গাইর উপজেলায় সম্প্রতি এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া শিবালয় উপজেলায় প্রায় এক মাস আগে দুটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটে।
সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার উদ্দিন আহমেদ রাজা বলেন, গত এক মাসে তাঁর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১২টির মতো বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহ ধরে চুরিপ্রবণ গ্রামগুলোতে স্থানীয় লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন।
চুরি রোধে গ্রামবাসীদের সঙ্গে রাত জেগে পাহারা দেন দিঘী ইউনিয়নের গ্রাম পুলিশ উজ্জ্বল হোসেন। উজ্জ্বল বলেন, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তিনি টর্চলাইট, লাঠি ও বাঁশি নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন। প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা পাহারা দিচ্ছেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়া ঘাট এলাকায় বিভিন্ন পেশার প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এসব শ্রমিকদের কেউ কেউ চুরির সঙ্গে জড়িত কি না, তা খুঁজে দেখা প্রয়োজন। এ ছাড়া মাদক সেবনকারীরা চুরির সঙ্গে জড়িত হতে পারেন। চুরি বেড়ে যাওয়ায় এলাকাবাসী কারও কারও মধ্যে উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে। চুরি ঠেকাতে পুলিশের টহলের পাশাপাশি গ্রাম পুলিশকে রাতের বেলায় নিয়মিত পাহারা দিতে হবে।
সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, থানা–পুলিশ সদস্যরা বিভিন্ন পেশাগত কাজে দায়িত্ব পালন করে থাকেন। ইতিমধ্যে চুরি ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।