নারায়ণগঞ্জের বন্দর থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন মাদক মামলার এক আসামি। বুধবার বেলা পৌনে তিনটায়
নারায়ণগঞ্জের বন্দর থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন মাদক মামলার এক আসামি। বুধবার বেলা পৌনে তিনটায়

নারায়ণগঞ্জে থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা আসামির

নারায়ণগঞ্জের বন্দর থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছেন মাদক মামলার এক আসামি। পরে পুলিশ সদস্যরা তাঁকে হেফাজতে নেন। বুধবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তির নাম মো. রমজান (৪০)। তিনি বন্দর উপজেলার একরামপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২১টি মামলা রয়েছে। তবে তিনি সব মামলায় জামিনে আছেন।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে একটি প্লাস্টিকের বোতলে কেরোসিন নিয়ে রমজান বন্দর থানায় প্রবেশ করেন। একপর্যায়ে তিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে হাতে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে নিবৃত করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, রমজানকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এনে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে তাঁর সহযোগীদের সঙ্গে বিরোধের জেরেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

ওসি মোহাম্মদ জামাল উদ্দিন আরও জানান, তিনি (রমজান) থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে অভিনয় করেছেন। তাঁকে মাদক মামলায় আদালতে চালান দেওয়া হবে।