লাশ
লাশ

মাদ্রাসায় যেতে ভাইয়ের সঙ্গে বের হয়েছিল শিশু, লাশ মিলল নির্মাণাধীন ঘরের পাশে

নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে সুধারাম থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়। পরিবারের সদস্যদের সন্দেহ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

নিহত শিশুর চাচা প্রথম আলোকে বলেন, শিশুটি ও তার ১০ বছর বয়সী বড় ভাই স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ে। আজ দুপুরে বাড়িতে খাওয়াদাওয়া শেষে তারা দুজন আবার মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসায় যাতায়াতের পথে একটি বাড়ির বাগান রয়েছে। ওই বাড়ি ও বাগানের ভেতর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ভাই প্রস্রাব করতে একটু দূরে যায়। ফিরে এসে সে বোনকে আশপাশে দেখতে না পেয়ে মাদ্রাসায় চলে যায়। বিকেলে মাদ্রাসা ছুটি হলে সে বাড়ি ফিরে আসে।

শিশুটির চাচা আরও বলেন, বাড়ি ফেরার পর মা ছেলের কাছে বোনের কথা জানতে চান। তখন ছেলে উল্টো মাকে জিজ্ঞাসা করে, বোন বাড়িতে এসেছে কি না। মা না আসার কথা জানালে সে বলে, বোন তার সঙ্গে ছিল, পরে হারিয়ে গেছে। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ গজ দূরে চলাচলের পথের পাশে নির্মাণাধীন একটি ঘরের ভিটার কাছে শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়।

চাচার দাবি, ঘটনাস্থলে শিশুটির পরনের জামাকাপড় স্বাভাবিক অবস্থায় ছিল না। এ কারণে তাঁদের সন্দেহ, আশপাশের কেউ তাকে নির্যাতনের পর হত্যা করেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।