
নরসিংদী রায়পুরা উপজেলায় পুলিশ ও ছাত্রলীগের বাধায় বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পিরিজকান্দি এলাকায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে উপজেলা বিএনপি
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এ কে নেছার উদ্দিন বলেন, আজ বেলা তিনটায় রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুর পশুরহাট মাঠে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই জায়গায় একই সময়ে ছাত্রলীগ আরেকটি সমাবেশের আয়োজন করে। পরে বিএনপির সমাবেশটি পৌর এলাকার পূর্বপাড়ার একটি মোড়ে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে বাধা দিলে সমাবেশটি পণ্ড হয়ে যায়। উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছিল। মোড়ে মোড়ে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। বিচ্ছিন্ন হয়ে নেতা-কর্মীরা আসা শুরু করলে সমাবেশ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।
সমাবেশস্থল থেকে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির কর্মসূচির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে বিএনপি নেতা-কর্মীরা রায়পুরা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে নেতা-কর্মীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের সমালোচনা করে স্লোগান দেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী ও এম এন জামান, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি সাড়া দেননি। পৌর ছাত্রলীগের সভাপতি এস এস আবু সালেহ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিবেদকের পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, বিএনপির সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। এ বিষয়ে তাঁরা কোনো অভিযোগও পাননি।