আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে দীর্ঘ যানজট তৈরি হয়
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে দীর্ঘ যানজট তৈরি হয়

রূপগঞ্জে বকেয়া বেতন–ঈদ বোনাসের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ, যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কটির প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট দীর্ঘ যানজটে ভোগান্তি পোহান যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, খাদুন এলাকার ‘ভুঁইয়া ফেব্রিকস’ নামের কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। তাঁদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া আছে। মালিকপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

আজ সকালে শ্রমিকেরা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষের আশ্বাসের পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।