দৌলতদিয়া ফেরিঘাট

ভাঙনে বন্ধ ঘাট চালু নিয়ে অনিশ্চয়তা, জিওব্যাগে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ

জিওব্যাগে মোটা বালুর পরিবর্তে ভরাট বালু ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন থেমে নেই। গত তিন দিনে ঘাট এলাকায় প্রায় ১০০ মিটারের মতো ভেঙে গেছে। এর মধ্যে ৭ নম্বর ঘাট এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকায় গত মঙ্গলবার থেকে বন্ধ থাকা ৫ নম্বর ফেরিঘাট চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ভাঙন ঠেকাতে জিওব্যাগে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জিওব্যাগে মোটা বালুর পরিবর্তে ভরাট বালু ব্যবহারের অভিযোগে এলাকাবাসী আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাজ বন্ধ রাখেন।

আজ সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন মেরামত কাজে নিয়োজিত শ্রমিকেরা কাজ ফেলে বসে আছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, জিওব্যাগে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দিয়েছেন। এ সময় সেখানে স্থানীয় রাজনৈতিক দলের নেতা, বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলীসহ ঘাট–সংশ্লিষ্ট ব্যক্তিরা মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। পরে বেলা ১১টার দিকে আবারও কাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দা আলম মণ্ডল বলেন, ‘আমাদের আগে বাড়ি ছিল লঞ্চঘাটের পশ্চিমে ঢল্লাপাড়া এলাকায়। চার বছর আগে ভাঙনে ভিটেবাড়ি হারিয়ে ৪ নম্বর ফেরিঘাটে আশ্রয় নিয়েছি। এখানে প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দেয়। ভাঙন ঠেকাতে নদীশাসন হবে, এ রকম কত কথাই শুনছি। কিন্তু কোনো কাজই হচ্ছে না। এর মধ্যে গত মঙ্গলবার বিকেল থেকে আবার ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে এখানে বালুভর্তি জিওব্যাগ ফেলছে। কিন্তু জিওব্যাগে ভরাট বালু দিলে কিছুদিন পর সেই বালু গলে বস্তা খালি হয়ে যায়। তাহলে এ ধরনের বালুভর্তি জিওব্যাগ ফেলে লাভ কী?’

দৌলতদিয়া নৌযান শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জিওব্যাগে মোটা বালু দেওয়ার কথা। কিন্তু সেটি না করে ভরাট বালু দেওয়া হচ্ছে। এ সময় নদীর পাড়ে ফেলানো কিছু বস্তা দেখিয়ে তিনি বলেন, ‘এই বস্তা দুই দিন আগে ফেলানো হয়। কিন্তু ভরাট বালু দেওয়ায় ওই বস্তা খালি হয়ে গেছে। আবার প্রতিটি বস্তায় পরিমাণে কম বালু দেওয়া হচ্ছে। তাই এলাকাবাসীর স্বার্থে এ ধরনের ভরাট বালু ব্যবহার বন্ধের দাবি জানাচ্ছি।’

স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে প্রায় এক ঘণ্টা ভাঙন মেরামতের কাজ বন্ধ ছিল

এ সময় সেখানে উপস্থিত বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ভরাট বালু ব্যবহার বন্ধ করা হয়েছে। এ ধরনের ভরাট বালু ব্যবহারের কোনো সুযোগ নেই। জরুরি ভিত্তিতে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে স্থানীয়ভাবে জিওব্যাগ ফেলানোর কাজ চলছে। এ ছাড়া ৭ নম্বর ঘাট এলাকায়ও ভাঙন দেখা দেওয়ায় সেখানে জরুরিভাবে বালুভর্তি জিওব্যাগ ফেলানো হচ্ছে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া রুটের মধ্যে দৌলতদিয়া ঘাট এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দৌলতদিয়া ঘাটের কাছে তীব্র স্রোত থাকায় সব ঘাট ভাঙনের ঝুঁকিতে আছে। দৌলতদিয়ার ৫টি ঘাটের মধ্যে ৬ সেপ্টেম্বর বিকেলে ৫ নম্বর ঘাটের কিছু অংশ ভেঙে গেছে। এতে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। সবচেয়ে বড় ও ব্যস্ততম ঘাট হিসেবে প্রতিষ্ঠিত ৫ নম্বর ঘাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ৫ নম্বর ঘাট বন্ধ থাকায়¯স্রোতের বিপরীতে কোনো ফেরি ৩ ও ৪ নম্বর ঘাটে সহজে যেতে চায় না। ফলে ৬ ও ৭ নম্বর ঘাটে চাপ পড়ছে। এ কারণে ৫ নম্বর ঘাট দ্রুত চালুর অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ভাঙনের কারণে দৌলতদিয়ার প্রতিটি ঘাটই ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন তিনি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ৬ সেপ্টেম্বর প্রথম দফায় ঘাট এলাকার ৫০ মিটারের মতো অংশ এলাকা বিলীন হয়েছে। গত দুই দিনে আরও ৫০ মিটারের মতো নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে ৫ নম্বর ফেরি ঘাটের নিচু স্তর, মধ্য স্তর ও উঁচু স্তরের সংযোগ সড়ক বিলীন হওয়ায় আপাতত বন্ধ হয়ে গেছে। আপাতত এই ঘাট চালু করার সম্ভাবনা নেই। পানি কমলে ঘাটটি চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।