
বগুড়ার ধুনট উপজেলায় সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই যুবককে আটক করে পুলিশ। আজ শুক্রবার সকালে ওই নারী বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে ওই যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর ওই যুবক মাদকাসক্ত হয়ে পড়েন। এর মধ্যে তাঁদের সংসারে একটি মেয়েসন্তানের জন্ম হয়। তবে স্বামী মাদকাসক্ত হওয়ার কারণে প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া–বিবাদ লেগে থাকত। প্রায় ছয় মাস আগে ওই যুবক তাঁর স্ত্রীকে তালাক দেন। পরে ওই নারী তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই যুবক তাঁর মেয়ের সঙ্গে দেখার করার কথা বলে ওই নারীর বাড়িতে যান। মামলায় দাবি করা হয়েছে, ওই যুবক বাড়িতে আসার পর ওই নারীকে পুনরায় বিয়ের কথা বলে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে পরিবারের লোকজন এসে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় আজ সকালে ওই নারী ধুনট থানায় মামলা করেছেন। থানা হাজতে আটক অবস্থায় ওই যুবক বলেন, ‘তাঁর সাবেক স্ত্রী তাঁকে বাড়িতে ডেকে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। এ ছাড়া ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তাঁরা দুজন স্বেচ্ছায় মেলামেশা করেছেন।
এ বিষয়ে ওই নারী বলেন, তাঁর সাবেক স্বামী প্রায়ই তাঁকে ফোনে বিরক্ত করতেন। মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে গতকাল তাঁর বাড়িতে এসেছিলেন। গতকাল রাতেও তাঁর সাবেক স্বামী মাদক সেবন করে বাড়িতে আসেন। পরে নিজেই নিজেকে হাতুড়ি দিয়ে আঘাত করেছেন। তাঁকে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আসামির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী ওই নারী শারীরিক পরীক্ষা ও তাঁর জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।