ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছনকান্দা বাজার এলাকায় সন্তানের জন্ম দেন তিনি। পরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে মা ও নবজাতককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরেই উপজেলার ছনকান্দা বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। কিছু জিজ্ঞেস করলে শুধু নামটাই বলতে পারতেন। বৃহস্পতিবার সকালে ছনকান্দা বাজারে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। বেলা তিনটার দিকে বিষয়টি স্থানীয় মানুষেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই মানসিক ভারসাম্যহীন নারীসহ নবজাতক সন্তানকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, খবর পেয়ে মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নারীর পরিবারের খোঁজ করা হচ্ছে। পরিবার পাওয়া গেলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তা না হলে নবজাতক শিশুটির সুরক্ষা ও ভবিষ্যৎ চিন্তা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।