
চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নেমে জেলেদের হামলার শিকার হয়েছেন নৌ পুলিশের এক সদস্য। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় এ ঘটনা ঘটে। আহত নৌ পুলিশ সদস্য হাসান মিয়াকে (২৬) ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সদর উপজেলার মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশ সন্ধ্যার পর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযানে নামে। এ সময় মেঘনা নদীর সফরমালি এলাকায় গিয়ে নদীতে একটি জেলে নৌকা দেখে তাড়া করলে জেলেরা ইটের টুকরা মারতে শুরু করে। এতে আহত হন নৌ পুলিশ সদস্য হাসান মিয়া।
নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার রাতে নৌ পুলিশের এএসআই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত অর্ধশত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।