সাঁকোটি দিয়ে কোনো যানবাহন চলাচলের উপায় নেই। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।
বিদ্যালয়ে যেতে বিকল্প কোনো পথ নেই। তাই বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় খুদে শিক্ষার্থীদের। খালের ওপর লোহার সেতু ভেঙে যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে এভাবেই বিদ্যালয়ে যাতায়াত করছে শিশুরা। এতে উদ্বিগ্ন থাকেন তাদের অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দারা খালটির ওপর দীর্ঘদিন ধরে নতুন পাকা সেতু র্নিমাণের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে সাঁকোটির অবস্থান। সাঁকোটির উত্তর পাশে আমখোলা ইউনিয়ন পরিষদ ও বাঁশবুনিয়া গ্রাম। তাফালবাড়িয়া গ্রামের প্রবেশমুখে কালাইকেশর খাল। সেই খালের ওপর ২৪০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি পার হয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী চলাচল করে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কালাইকেশর খালের ওপর লোহার সেতুটি ভেঙে পড়ে ২০২১ সালে। এরপর আর সেখানে সেতু নির্মাণ করা হয়নি। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তৈরি করা হয় বাঁশের সাঁকোটি। সেই সাঁকো দিয়ে এখন গ্রামের সাত হাজার মানুষ চলাচল করেন। তবে সাঁকোটি দিয়ে কোনো যানবাহন চলাচলের উপায় নেই। সাঁকোর কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক যাতায়াত ও ব্যবসা–বাণিজ্য। গ্রামের অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে পোহাতে হয় চরম ভোগান্তি। বিকল্প কোনো পথ না থাকায় কৃষকের উৎপাদিত পণ্য বিক্রির জন্য মাথায় করে সাঁকো পার হতে হয়। এর পর ভ্যান বা রিকশায় করে আমখোলা বাজারে নিতে হয়।
কালাইকেশর খালের ওপর নতুন সেতু নির্মাণের অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তুাব অনুমোদন হলে সেতু নির্মাণের কাজ করা হবে।মো. হাবিবুর রহমান, প্রকৌশলী, এলজিইডি গলাচিপা কার্যালয়
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের সাঁকো পার হতে অন্যের সহযোগিতা নিতে হয়। বিভিন্ন সময়ে সাঁকো থেকে পড়ে গিয়ে লোকজন আহতও হয়েছেন। গ্রামের মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত খালের ওপর পাকা সেতু নির্মাণ করা উচিত।
সাঁকোটি থেকে মাত্র ১৫০ ফুট দূরে নিজ সুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন। এর মধ্যে ৬০ শিক্ষার্থী বিদ্যালয়ের যেতে সাঁকোটি ব্যবহার করে থাকে। নিজ সুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন সাথী প্রথম আলোকে বলেন, বাঁশের সাঁকোর কারণে দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলে, সাঁকোটি পার হওয়ার সময় প্রায়ই বই–খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে তো বারবার বই দেওয়া হয় না। বই পড়ে গেলে পড়াশোনার অনেক ক্ষতি হয়।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে সাঁকোটির অবস্থান। সাঁকোটি পার হয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী চলাচল করে।
সাঁকোটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। এটির শিক্ষার্থী ৩৫০ জন। এর মধ্যে অর্ধেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াতে সাঁকোটি ব্যবহার করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন সেতু নির্মাণে কোনো প্রকল্প নেওয়া হয়নি। গত বৃহস্পতিবার দুপুরে তাফালবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, ছুটি শেষে শিক্ষার্থীরা সাঁকো দিয়ে পার হয়ে বাড়ি ফিরছে।
পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার বলে, সাঁকো দিয়ে স্কুলে যেতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বর্ষা মৌসুমে সাঁকো ভেজা থাকায় পা পিছলে খালে পড়ে যাওয়ার ভয় থাকে। সে হয়তো সাঁতরে খাল থেকে তীরে উঠতে পারবে; কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীদের কী হবে? তারা তো সবাই সাঁতার জানে না।
সাঁকোটি পার হওয়ার সময় প্রায়ই বই–খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে তো বারবার বই দেওয়া হয় না। বই পড়ে গেলে পড়াশোনার অনেক ক্ষতি হয়।সামিয়া, শিক্ষার্থী
সাঁকো থেকে প্রায় এক কিলোমিটার দূরে গলাচিপা উপজেলার পরিষদের অধীন পরিচালিত হয় সেরুখার বাজার। প্রতি সোমবার সেখানে হাট বসে। সকাল থেকে রাত পর্যন্ত কেনাবেচা হয়। বাজারটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ৩০ থেকে ৪০টি দোকান আছে। তবে সেতু ভেঙে যাওয়ার পর থেকে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। বেচাকেনা কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী দোকান সরিয়ে অন্য বাজারে নিয়ে গেছেন।
একটি বাঁশের সাঁকোর কারণে প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানান আমখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আল মামুন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গলাচিপা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, কালাইকেশর খালের ওপর নতুন সেতু নির্মাণের অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তুাব অনুমোদন হলে সেতু নির্মাণের কাজ করা হবে।