গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের ঐতিহ্যবাহী কালিবাড়ী হাটে আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডে তিনটি গুদাম ও চারটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত লোকেরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটের আল–আমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসল্লিরা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে তিনটি গুদাম ও চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আল-আমিনের চালের আড়ত, রঞ্জুর ওষুধের দোকান-গুদাম, আলমের ক্রোকারিজের দোকান, সাঈদের হার্ডওয়্যার গুদাম, ছামছুলের কাপড়ের দোকান, আবদুল জব্বার ও আল–আমিন নামে অপর একটা চানাচুর–বিস্কুটের গুদাম। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, সব মিলে অন্তত সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ মুহুর্তে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।