নরসিংদীতে হাত-পা বাঁধা অবস্থায় কলাখেতে পড়ে ছিল অটোরিকশাচালকের লাশ

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে কলাখেত থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা অটোরিকশাচালককে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে।

নিহত ওই অটোরিকশাচালকের নাম পঞ্চমণি দাস (৪৫)। তিনি মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরদমণি দাসের ছেলে।

নিহত অটোরিকশাচালকের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পঞ্চমণি দাস নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস‍্যরা রাতভর তাঁর ব্যবহৃত মুঠোফোনে অনেকবার কল দিলেও মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আজ সকাল ১০টার দিকে কীর্তিবাসদী গ্রামের আড়াল-রথতলা গ্রামীণ সড়কের পাশের একটি কলাখেতে পঞ্চমণি দাসের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, নিহত অটোরিকশাচালকের লাশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে ছিল। দুর্বৃত্তরা অটোরিকশাচালককে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অটোরিকশাচালকের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।