সীতাকুণ্ডে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা, উল্টে গেল মালবাহী ট্রাক

দুর্ঘটনার পর চালক ও সহকারী ট্রাকের ভেতর আটকা পড়েন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের নিমতলা এলাকায়
ছবি: সংগৃহীত

কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জামবোঝাই একটি ট্রাক যাচ্ছিল চট্টগ্রামের দিকে। পথে ট্রাকের নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে থাকা একটি গাছকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে মহাসড়কের সীতাকুণ্ড অংশের কুমিরা ইউনিয়নের নিমতলা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন চালক তপন মণ্ডল (৩৫) ও তাঁর সহকারী মো. রনি (২৫)। আহত দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। চালক তপনের বাড়ি মাগুরার বিবিনগর এলাকায়। রনির বাড়ি চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায়।

হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল থেকে মহাসড়কে ঘন কুয়াশা ছিল। এ ছাড়া চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ। এতে রাস্তা অনুমান করতে না পেরে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক ও সহকারী ট্রাকের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালক ও তাঁর সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকে বিদ্যুতের ট্রান্সফরমারসহ ভারী উপকরণ ছিল। ট্রাকসহ বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে।