অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গ্রাহকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা হাতে বিদ্যুৎ বিলের কপি নিয়ে সমিতির মহাব্যবস্থাপকের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ হয়। এতে সমিতির শতাধিক গ্রাহক অংশ নেন।
বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুতের মিটার রিডাররা বাড়িতে গিয়ে মিটার রিডিং না নিয়েই অনেক সময় মনগড়াভাবে বিদ্যুৎ বিল তৈরি করছেন। এতে গ্রাহকদের বিলের সঙ্গে অতিরিক্ত অর্থ যুক্ত হচ্ছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন গ্রাহকেরা।
গ্রাহকদের ভাষ্য, দীর্ঘদিনের এ অব্যবস্থাপনার প্রতিকার চেয়েও সমাধান না পাওয়ায় তাঁরা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত এ অনিয়ম বন্ধ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
বিক্ষোভের একপর্যায়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক নুরুল হুদা গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তিনি বিদ্যুৎ বিলসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ করে চলে যান।
নুরুল হুদা প্রথম আলোকে বলেন, গ্রাহকদের অভিযোগ শোনার পর সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ইতিমধ্যে একজন মিটার রিডারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তে দোষীদের বিরুদ্ধে সমিতির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।