
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে আজ শনিবার। সে জন্য জেলা বিএনপির একজন নেতা কর্মসূচির প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে গতকাল রাতে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন। সেখানে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা।
এরপর রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় পুলিশ। কাউকে আটক না করলেও কাগজপত্র না থাকায় বিএনপির নেতা-কর্মীদের সাতটি মোটরসাইকেল জব্দ এবং চারটিকে বিভিন্ন অপরাধে মামলা দেয় পুলিশ।
গতকাল শুক্রবার রাতে মাগুরার পৌর এলাকার ইটখোলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এটি তাদের নিয়মিত অভিযানের অংশ। আর বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার বিক্ষোভ কর্মসূচির আগে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পুলিশের এ অভিযান।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পৌর ও সদর থানা বিএনপির বিক্ষোভ সমাবেশ আছে। এর প্রস্তুতির বিষয়ে আলোচনা করতে পৌর এলাকার ইটখোলা বাজারে ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে বসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন খান। সেখানে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হন। এমন পরিস্থিতিতে রাত নয়টার দিকে অন্তত পাঁচটি গাড়িতে করে গোয়েন্দা (ডিবি) ও থানার পুলিশ সেখানে অভিযান চালায়। কাউকে আটক না করলেও সেখানে থাকা মোটরসাইকেলের কাগজপত্র যাচাই–বাছাই করে পুলিশ।
মনোয়ার হোসেন খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘দলীয় কর্মসূচি উপলক্ষে আমি আজই ঢাকা থেকে এসেছি। একটা জায়গায় বসলে সেখানে নেতা-কর্মীরা আসবে, এটিই তো স্বাভাবিক। পুলিশ এসে কর্মীদের গাড়ির কাগজপত্র যাচাই করা শুরু করল। হয়রানি করার উদ্দেশ্যে, কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এটা করেছে তারা। তা না হলে রাতের বেলায় তো পুলিশকে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে দেখা যায় না।’
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রথম আলোকে বলেন, এটা পুলিশের নিয়মিত অভিযান। রাজনৈতিক কোনো বিষয় না। কাগজপত্র দেখাতে না পারায় সাতটি জব্দ ও চারটি মোটরসাইকেলে মামলা দেওয়া হয়েছে।