বাড়ির সামনের রাস্তায় হাঁটতে গিয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুর জেলার মানচিত্র
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় সাড়ে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের নতুন মাঝি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাফি ওই বাড়ির কৃষক মো. দুলালের ছেলে।

নিহত শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে যায় শিশু রাফি। সরু ওই রাস্তা দিয়ে একসঙ্গে তিনটি ট্রাক্টর যাচ্ছিল। এ সময় একটি ট্রাক্টর রাফিকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে উত্তেজিত লোকজন দুটি ট্রাক্টর জব্দ করলেও চালকেরা পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।