পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তিনজনকে সদর থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তের ৭৪৪ নম্বর মেইন পিলারের ৪ নম্বর রেফারেন্স পিলার থেকে প্রায় ১৪০ গজ বাংলাদেশের ভেতরে পোকলাভিটা এলাকা থেকে তাঁদের আটক করেন বিজিবির ভিতরগড় বিওপির সদস্যরা।
গ্রেপ্তার তিনজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সীতাপাড়া এলাকার এলাকার শ্রীরাম (৩৫), তাঁর স্ত্রী চন্দনা রানী (৩৩) ও দিনাজপুরের কাহারোল উপজেলার চান্দুরী এলাকার মো. শামীম (৩২)। এ ঘটনায় গতকাল রাতেই নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভিতরগড় বিওপির হাবিলদার ছায়েদ আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে ভিতরগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য কয়েকজন ব্যক্তি সীমান্ত এলাকায় এসেছেন বলে গোপন সংবাদ পায় বিজিবি। পরে রাত সাড়ে আটটার দিকে ভিতরগড় বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তঘেঁষা পোকলাভিটা এলাকা থেকে এক নারীসহ তিনজনকে আটক করে। পরে তাঁদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা ভারতে অনুপ্রবেশের জন্য একাধিক দালাল চক্রের মাধ্যমে ৪৯ হাজার টাকা চুক্তিতে সীমান্ত এলাকায় এসেছেন। এ সময় তাঁদের কাছে ৯ হাজার ৭৬০ টাকা ও তিনটি মুঠোফোন সেট জব্দ করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল প্রথম আলোকে বলেন, গতকাল রাতে সীমান্তে আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে রাতেই বিজিবির পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে পাসপোর্টে আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।