ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ মুক্তি পাওয়া হত্যা মামলার আসামি তিন ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে তোলা
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ মুক্তি পাওয়া হত্যা মামলার আসামি তিন ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে তোলা

ময়মনসিংহ কারাগার থেকে ‘ভুলবশত’ মুক্তি পাওয়া ৩ আসামিকে আবার গ্রেপ্তার

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান।

গ্রেপ্তার তিনজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যতারাটি পশ্চিমপাড়া গ্রামের হজরত আলীর ছেলে আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)। গত মঙ্গলবার বিকেলে জামিন ছাড়াই তাঁরা ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি গতকাল জানাজানি হয়।

র‍্যাব জানায়, হত্যা মামলায় ২৩ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে ছিলেন তিন আসামি। কিন্তু জেল কর্তৃপক্ষের কতিপয় অসাদু সদস্যের সহায়তায় তাঁরা পরস্পর যোগসাজশে ২৭ জানুয়ারি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন। বিষয়টি জানার পর ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।

কারাগার সূত্রে জানা গেছে, জামিন ছাড়াই তিন আসামি মঙ্গলবার ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেও গতকাল জানাজানি হয়। ঘটনার পর প্রাথমিকভাবে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, কারাগারের এক কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রোডাকশন ওয়ারেন্টকে (হাজিরা পরোয়ানা) ভুল করে জামিননামা ভেবে তিন আসামিকে মুক্তি দেওয়া হয়।