গাজীপুর

এটা খাল নয়, নগরের রাস্তা

রাস্তাটির দুপাশে অসংখ্য পোশাক কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে

হাজারো মানুষকে।

রাস্তার গর্তে বৃষ্টি ও নালার পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তির শেষ নেই। গাজীপুর নগরের ছয়দানা এলাকায়

দেখে বোঝার উপায় নেই এটা একটি রাস্তা। মনে হয় কোনো ছোট খাল। নালার পানিতে থই থই। বিকল্প না থাকায় এই রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী, যাত্রী, শিক্ষার্থী, পোশাকশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের। পানির নিচে গর্ত থাকায় কারণে কখনো কখনো উল্টে যায় যানবাহন। সব মিলিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের ছয়দানা এলাকার ডেগেরচালা-ঝাজর সড়কটি এখন ভোগান্তির স্থান হিসাবে পরিচিত পেয়ে গেছে।

দুই মাস আগে সড়কটির ছয়দানা এলাকায় শুরুতে প্রায় ৫০ মিটারে পিচঢালাই উঠে তৈরি হয়েছে বিশাল গর্ত। তখন পাশের নালা উপচে কলকারখানার তরল বর্জ্য চলে আসে ওই গর্তে। পাশাপাশি বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার। স্থানীয় ব্যক্তিরা জানান, দুই মাস হলো রাস্তাটি এই অবস্থায় পড়ে আছে। মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কেউ। ফলে যাতায়াতে প্রতিদিনই ভুগতে হচ্ছে।

এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াতকারী পোশাক শ্রমিক মো. রফিকুল বলেন, ‘এইডা কেউ বলব না রাস্তা। মনে হয় ছোড কোনো খাল। প্রতিদিন কষ্ট কইরা অফিসে যাই। মাঝেমধ্যে গর্তে পইরা কাপড় ভিইজা যায়। তারপরেও কেউ রাস্তা ঠিক করে না।’

রাস্তার গর্তে বৃষ্টি ও নালার পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তির শেষ নেই। গাজীপুর নগরের ছয়দানা এলাকায়

সরেজমিনে দেখা যায়, রাস্তাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শাখা সড়ক। গর্তটি একদম রাস্তার শুরুতে। বৃষ্টি ও নালার পানি জমে প্লাবিত হয়েছে দুই পাশ। পানিতে ভাসছে বিভিন্ন প্লাস্টিক, পলিথিন, ছেড়া কাপড়, কাগজের টুকরোসহ বিভিন্ন বর্জ্য। আলকাতরার মতো কালো পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিকল্প না থাকায় এর মধ্য দিয়েই কোনোরকম হেঁটে রাস্তা পার হচ্ছে মানুষ। কোনো যানবাহন এলে ঢেউয়ে পানি ছড়িয়ে পড়ছে পাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে।

সড়কটির দুই পাশে রয়েছে অসংখ্য পোশাক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। প্রতিদিনই সড়কের ওই অংশটুকুতে এসে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। বেশি ভুগতে হয় ছাত্রছাত্রীদের। কাদা–পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় তাঁদের। ময়লা পানি লেগে প্রায়ই নষ্ট হয় জামা। রাস্তার এ অবস্থার কারণে বেচাকেনা কমে গেছে আশপাশের দোকানপাটে।