
ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যেই দৌড় শুরু করেন একদল তরুণ, যা থামে দীর্ঘ ১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর। বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের মাঠে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার ৩৭ জন দৌড়বিদ। স্থানীয় তরুণেরা এই প্রতিযোগিতার আয়োজন করেন।
আয়োজকেরা জানান, ম্যারাথন শুরুর স্থান তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের মাঠ থেকে অংশগ্রহণকারীরা জুড়ী-লাঠিটিলা সড়ক ধরে পাঁচ কিলোমিটার দূরে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে গিয়ে আবার কলেজ মাঠে ফিরে আসেন। প্রতিযোগিতায় প্রথম হয় সদ্য এসএসসি পাস করা স্থানীয় তরুণ তারেক রহমান। ১০ কিলোমিটার পথ দৌড়াতে তার সময় লাগে ৪৬ মিনিট। দ্বিতীয় হওয়া সামছুল ইসলামের সময় লাগে ৫০ মিনিট। আর তৃতীয় স্থান অর্জন করা দুবাইপ্রবাসী তরুণ মো. ইয়া হাবিবের সময় লাগে দেড় ঘণ্টা।
প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারীকে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে তিন হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে দুই হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া দৌড়ে অংশ নেওয়া আরও ১০ জন তরুণকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতার আয়োজকদের একজন তাপস দাস বললেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত দেশ গঠনে বিজয় দিবস উপলক্ষে তরুণদের অংশগ্রহণে তাঁরা এ প্রতিযোগিতার আয়োজন করেন। এতে বেশ সাড়া পেয়েছেন তাঁরা।