ঘূর্ণিঝড় সিত্রাংয়ে আতঙ্ক বাড়ছে উপকূলে, বাগেরহাটে রাতভর বৃষ্টি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার থেকে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটে। সোমবার ভোর থেকে বৃষ্টির তীব্রতা বাড়ে, আছে দমকা হাওয়া। বিভিন্ন স্থানের গাছপালা ভেঙে পড়ছে। বাগেরহাট শহর রক্ষা বাঁধের মনিগঞ্জ এলাকায়
ছবি: প্রথম আলো

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নেওয়ায় আতঙ্ক বাড়ছে উপকূলে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সিত্রাং আজ সোমবার দিবাগত মধ্যরাত থেকে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে বাগেরহাটে। উপকূলীয় জেলা বাগেরহাটের প্রায় সব এলাকায় গতকাল রোববার রাতভর হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়েছে। আজ সকালে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে উদ্বেগ বাড়ছে উপকূলবাসীর।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরসনে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। গতকাল বিকেল ও রাতে বাগেরহাট জেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা প্রশাসন দুর্যোগ প্রস্তুতি সভা করেছে।

বাগেরহাটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, ‘আমাদের ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। নির্দেশনা পাওয়ামাত্রই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হবে। এ ছাড়া ২৯৮ মেট্রিক টন চাল ও ৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলেই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিতরণের নির্দেশনা দেওয়া হবে।’

এদিকে কোস্টগার্ডের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার মো. মহিউদ্দিন জামান। তিনি বলেন, ‘বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ-নদীতে থাকা নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরের উপকূলে ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যদি ঘূর্ণিঝড় আমাদের এলাকায় আঘাত হানে, তাহলে তাঁদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অথবা কোস্টগার্ডের বেজক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

আবহাওয়া অফিস বলছে, অমাবস্যা তিথি ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব এলাকার অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মোংলার চিলা এলাকার বাসিন্দা কমলা বেগম বলেন, দীর্ঘদিন পশুর নদসংলগ্ন বাঁধ সংস্কার না করায় এখন তাঁরা কয়েক হাজার বাসিন্দা ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। ঘূর্ণিঝড়ের খবরে তাঁদের ঘুম নেই। নিরাপদ আশ্রয়ের জন্য তাঁরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবারমাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বলেন, বন্দরে এখন ১৩টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। ঝড়ের গতিবেগ বাড়লে বন্দরের নিজস্ব অ্যালার্ট জারির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।