বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি–রপ্তানি দুই দিন বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোম ও মঙ্গলবার এ স্থলবন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি হবে না বলে জানিয়েছেন বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার এবং বন্দরের সরকারি দাপ্তরিক কার্যক্রম নিয়ম অনুযায়ী স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।

কুদরত-ই-খুদা মিলন বলেন, কালীপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়ে গতকাল রোববার ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যসোসিয়েশন ও ফুলবাড়ী ২ বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে। এ–সংক্রান্ত একটি চিঠি বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপকে পাঠানো হয়। সে সিদ্ধান্তের আলোকেই সোমবার সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বুধবার সকালে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ সোমবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কালীপূজা উপলক্ষে দুই দিনের জন্য স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের সরকারি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম সচল আছে।