রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে সালাউদ্দিন আম্মারের পোস্টের প্রতিবাদে রাকসু ভবনে পোস্টার সাঁটান ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি। গতকাল সোমবার বিকেলে রাকসু ভবনে
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে সালাউদ্দিন আম্মারের পোস্টের প্রতিবাদে রাকসু ভবনে পোস্টার সাঁটান ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি। গতকাল সোমবার বিকেলে রাকসু ভবনে

আম্মারের ফেসবুক পোস্টের প্রতিবাদে রাকসু ভবনে রবীন্দ্রনাথের পোস্টার সাঁটালেন ছাত্রদল নেতা

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পোস্টকে অবমাননাকর উল্লেখ করে এর প্রতিবাদে পোস্টার সাঁটিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি। গতকাল সোমবার বিকেলে রাকসু ভবনের নিচতলায় অনুসারীদের নিয়ে তিনি পোস্টার সাঁটান।

পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবির নিচে লেখা আছে, ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান।’ ছাত্রদল নেতা কাফি রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তিনি তিন হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এ পোস্টার সাঁটিয়েছেন বলে দাবি করেছেন।

আবদুল্লাহ আল কাফি প্রথম আলোকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য সাংস্কৃতিক পরিচয় ও চেতনার প্রতি অসম্মান। এমন বিদ্বেষের পেছনে সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট কাজ করে বলে তাঁর মনে হয়। যারা বাংলাদেশের জন্ম ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধিতা করেছেন, তাদের মধ্যেই এ সংকট দেখা যায়।

গত রোববার রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে গান বানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে অবমাননাকর মন্তব্য করে আরেকটি পোস্ট করেন বলে অভিযোগ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে সমালোচনা করেন।

এ বিষয়ে সালাহউদ্দিন আম্মারের মুঠোফোন নম্বরে প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।