পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

বাড়ির পুকুরে গোসল করতে নেমে মরে ভেসে উঠল আপন দুই ভাই

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির।

শিশু দুটির পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় ইয়াসিন ও রাসেল পড়াশোনা করত। প্রতিদিনের মতো তারা মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে বাড়ির পুকুরে গোসল করতে নামে। তাদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা দেখেন, দুই ভাইয়ের মরদেহ পানিতে ভেসে আছে। পরে পরিবারের স্বজনেরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জানান, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরা একটু ঠান্ডা পেতে পুকুরে বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের মা–বাবা ও পরিবারের লোকজন সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের গতিবিধি লক্ষ রাখতে হবে।