শাহজালাল বিশ্ববিদ্যালয়

‘পায়ের ওপর পা তুলে বসা’ নিয়ে তর্কে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারিতে একজন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম আবদুর রব ওরফে নাঈম। তিনি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজার এলাকায় একটা চায়ের দোকানের চেয়ারে ‘পায়ের ওপর পা তুলে’ বসে ছিলেন আবদুর রব। এ সময় ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মো. রিশাদ ঠাকুর এসে বসতে বসতে তাঁকে পা নামাতে বলেন। এটা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এর জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় স্টাম্পের আঘাতে আবদুর রবের মাথা রক্তাক্ত হয়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। তবে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আহত আবদুর রব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিগত কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানের অনুসারী। অন্যদিকে রিশাদ ঠাকুর ছাত্রলীগের সমাজবিজ্ঞান অনুষদ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী।

এ বিষয়ে খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, কথা-কাটাকাটির জের ধরে সামান্য হাতাহাতি হয়েছে। তবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। একই কথা বলেছেন ছাত্রলীগের নেতা সুমন মিয়াও।