
চট্টগ্রামে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে মো. ইব্রাহিম নামের চার বছরের এক শিশু আহত হয়েছে। আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পাথরের আঘাতে আহত শিশু ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইব্রাহিমের বাড়ি ভৈরবে। মা–বাবাসহ চট্টগ্রাম স্টেশন থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেসে করে ভৈরবে যাওয়ার পথে আহত হয় সে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন। তবে পাথর নিক্ষেপকারী ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি।
আহত শিশুর বাবা মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে এসেছিলেন তাঁরা। চট্টগ্রাম স্টেশন থেকে চট্টলা এক্সপ্রেসে করে ভৈরবে ফিরছিলেন। কিন্তু স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর কদমতলী এলাকায় বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে তাঁর ছেলের মাথায় লাগে। ট্রেন সঙ্গে সঙ্গে থামেনি, থামে পরবর্তী স্টেশনে। সীতাকুণ্ডের কুমিরা স্টেশন থেকে নামার পর ছেলেকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ছেলের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। পরে আরেকটি ট্রেনে করে বাড়িতে পৌঁছান তাঁরা। ছেলে বর্তমানে সুস্থ আছে।