
পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাশেদ (১১) ও আনিস (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু রাশেদ ওই এলাকার আবু তালেবের ছেলে এবং আনিস একই এলাকার রহমত আলীর ছেলে। তারা দুজন প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে শিশু দুটি বাড়ির বাইরে খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। উদ্ধার করে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খেলতে খেলতে কোনো সময় শিশু দুটি পুকুরের পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায় বলে ধারণা করছেন স্বজনেরা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ দেখে মনে হচ্ছে, দুপুরের দিকে পানিতে ডুবে মারা গেছে তারা।
দুই শিশুর লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে জানিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।