লুৎফুল্লাহেল মাজেদ
লুৎফুল্লাহেল মাজেদ

ময়মনসিংহ-৮ আসন

কিশোর গ্যাং নিয়ে আওয়াজ তোলার আহ্বান বিএনপির সংসদ সদস্যের

‘প্রতিটি এলাকায় কিশোর গ্যাং নিয়ে আওয়াজ তুলুন। এদের নাম, বাবার নাম, ছবিসহ লিস্ট করুন। এদেরকে দয়া করে বলব ভালো হয়ে যেতে। এদের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন। এদের রাজনৈতিকভাবে কোনো নেতা শেল্টার দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এমন ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্বান জানান।

ফেসবুকে লুৎফুল্লাহেল মাজেদ আরও লেখেন, ‘এদেরকে (কিশোর গ্যাং) সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এলাকাছাড়া করুন। কোনো মেয়েকে যদি এরা কেউ উত্ত্যক্ত করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমার এলাকায় প্রত্যেক মেয়েকে স্কুলে যেতে হবে নিরাপদে। কেউ ভয় পাবেন না, সাহসী হোন। আমরা পারবই।’ মন্তব্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কোথায় কিশোর গ্যাংয়ের তৎপরতা চোখে পড়ে, তা তুলে ধরেন অনেকে।

সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাশিম উদ্দিন মন্তব্যে লেখেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। সাম্প্রতিককালে সারা দেশেই কিশোর গ্যাং নামের এক উপদ্রব সৃষ্টি হয়েছে। এরা অনেকটা প্রকাশ্যে সামাজিক বিভিন্ন অপরাধ করে বেড়ায়, রাস্তাঘাটে স্কুলগামী মেয়েদের ইভ টিজিং–সহ মোবাইলে ছবি, ভিডিও ধারণ করে। এদের এখনই থামাতে না পারলে আমাদের আগামী দিনগুলো আরও অন্ধকারের মুখোমুখি হবে। সবচেয়ে ভালো হয়, স্কুল টাইমে মাঝে মাঝে পুলিশি টহল চালু করা।’

রাসেল পাঠান নামে একজন লেখেন, ‘ভাই, উচাখিলা বাজারে কিশোর গ্যাংয়ের প্রভাব বেশি। এদের কারণে সাধারণ মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারছে না। উচাখিলা বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছে। চুরি, ছিনতাই, মাদক কারবারিসহ নানা রকম অপকর্মে লিপ্ত হয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাই দ্রুত এদেরকে আইনের আওতায় আনা জন্য আপনার নিকট অনুরোধ করা হলো।’

এর আগে গতকাল বুধবার বিকেলে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি ও বাজার মনিটরিং করতে দল গঠনের আহ্বান মানুষের প্রশংসা পায়। গতকাল বিকেল চারটার দিকে ফেসবুকে লুৎফুল্লাহেল মাজেদ লেখেন, ‘আমি রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে উপজেলায় গরুর মাংস বিক্রি করতে চাই। আমি সবার সহযোগিতা চাই। গতবার যে প্রতিযোগিতা ছিল, আমি চাই সকল ইসলামি দলও এটা করুক। অন্তত গরিব মানুষগুলোর সাহায্য হবে। রাজনীতি মানুষের কল্যাণে হোক। সবাই মিলে আমরা ভালো ঈশ্বরগঞ্জ চাই। জাতীয়তাবাদী দল আমরা মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হই।’

গতকাল বিকেল পাঁচটার দিকে লুৎফুল্লাহেল মাজেদ আরও একটি স্ট্যটাসে লেখেন, ‘প্রতিটি ইউনিয়নে দল–মতনির্বিশেষে গ্রহণযোগ্য লোক দিয়ে বাজার মনিটরিং টিম গঠন করুন। পবিত্র রমজানে কেউ সিন্ডিকেট করে দাম যেন বাড়াতে না পারে। যেখানে বাজার কমিটি আছে তারা করবে, যেখানে নাই, সেখানে বিএনপির দায়িত্বশীল নেতারা করবেন। তবে কমিটি রাজনৈতিকভাবে করবেন না। সকল দায়িত্বশীল জেন–জি সবাইকে নজর রাখার অনুরোধ করা গেল।’