
পাঁচ বছর আগে পরিবারের ভাগ্য ফেরানোর আশায় কাতারে পাড়ি জমান ওহিদুল ইসলাম (৩০)। তিনি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
কিছুদিন ধরে কাতার থেকে ছুটিতে বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে কফিনবন্দী লাশ হয়ে গ্রামের বাড়িতে ফিরলেন ওহিদুল।
আজ বুধবার সকালে ওহিদুল ইসলামের লাশ তাঁর দেড়পাড়া গ্রামের বাড়িতে পৌঁছায়। লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে কাতার থেকে লাশ ঢাকায় পৌঁছায়। ওহিদুলের স্ত্রী ও দুই সন্তান আছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম জানান, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন ওহিদুল ইসলাম। আজ বুধবার বেলা তিনটার দিকে দেড়পাড়া গ্রামের ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। চলতি মাসে ছুটিতে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। এ জন্য আর্থিক ও মানসিক প্রস্তুতিও চলছিল। এরই মধ্যে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর প্রাণ।
জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ওহিদুলের বাবা, ভাই, বন্ধু-স্বজন অংশ নেন।