পুকুরে ডুবে ছিল গৃহবধূর লাশ, গলায় বাঁধা ছিল পাটা

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

সিলেটের কানাইঘাট উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় তাঁর গলায় একটি পাটা (মসলা বাটার পাথর) গামছা দিয়ে বাঁধা ছিল। গতকাল সোমবার দুপুরে লাশটি উদ্ধারের পর বিকেলে তা ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত মুসলিমা বেগম (২৮) কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল আগফৌদ গ্রামের হেলাল আহমদের স্ত্রী।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে মুসলিমার শিশুসন্তানের (৩) কান্না শুনে পরিবারের লোকজনের ঘুম ভাঙে। পরে মুসলিমার ঘর বাইরে থেকে লাগানো অবস্থায় দেখতে পান তাঁরা। দরজা খুলে শিশুটির হাত শাড়ি দিয়ে প্যাঁচানো অবস্থায় দেখতে পান মুসলিমার শাশুড়ি। এ সময় মুসলিমাকে না পেয়ে খুঁজতে থাকেন তিনি। তবে বাড়ির আশপাশে তাঁকে পাওয়া যায়নি।

একপর্যায়ে পুকুরঘাটে মুসলিমার জুতা দেখে তাঁদের সন্দেহ হয়। বিষয়টি আশপাশের প্রতিবেশীদের জানানোর পর পুকুরে সন্ধান চালানো হয়। পুকুরে মুসলিমার গলায় গামছা দিয়ে একটি পাটা ঝোলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এরপর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুসলিমার মৃত্যুর ঘটনা রহস্যজনক। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, মুসলিমা বেগম রোববার রাতে স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এরপর তিনি আত্মহত্যা করেছেন কি না, নাকি অন্যভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।