রাঙামাটি জেলার মানচিত্র
রাঙামাটি জেলার মানচিত্র

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধস, এক বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।

​স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, লক্ষ্মী চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন লক্ষ্মী বিলাস চাকমা। এ সময় হঠাৎ তাঁর ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পাহাড়ধসে একজনের প্রাণহানির বিষয়টি বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে।’