দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়া ও বদলগাছিতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এই শীতে জীবিকার প্রয়োজনে ভ্যান নিয়ে বের হয়েছেন এক ভ্যানচালক।
ছবি: প্রথম আলো

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। রাতভর টিপ টিপ বৃষ্টির মতো ঝড়ছে ঘন কুয়াশা। হাড়কাঁপানো শীতে সকালবেলা কাজে যেতে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও নওগাঁর বদলগাছিতে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে পঞ্চগড়ে সকালে দেখা মিলেছে ঝলমলে রোদের।

এবার শরতের শেষ দিকে এসে উত্তরের এই জনপদে দেখা দিয়েছিল ঘন কুয়াশা। এরপর হেমন্তজুড়ে দিন দিন তাপমাত্রার পারদ নামতে থাকলেও কুয়াশার পরিমাণ ছিল খুবই কম। হেমন্তের শেষ প্রান্তে এসে আবারও শুরু হয় ঘন কুয়াশা। এরপর পৌষের শুরু থেকেই ঘন কুয়াশা আর উত্তরের শীতল বাতাসে অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীতের।

আজ ভোর পর্যন্ত হিমেল বাতাস আর ঘন কুয়াশা থাকলেও সকাল সাড়ে ৭টার পরই দেখা মিলে সূর্যের। ধীরে ধীরে বাড়তে থাকে রোদের তীব্রতা। এতে স্বস্তি ফিরে সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে।

পঞ্চগড় সদর উপজলার তালমা নদী থেকে বালু তোলা শ্রমিক আবদুল খালেক (৩৫) বলেন, ‘আমাদের তো প্রায় সারা দিনই পানিতে নেমে কাজ করতে হয়। শুক্রবার রাতে যেভাবে কুয়াশা ছিল, তাতে মনে হয়েছে আজকে বাড়ি থেকে বের হওয়া যাবে না। সারা রাত কনকনে শীত ছিল। কিন্তু সকালে রোদ ওঠায় কাজে বের হয়েছি।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়া ও নওগাঁর বদলগাছিতে একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টানা তিন দিন অবস্থান করে, তাহলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ডিসেম্বরের শেষ দিকে এ এলাকায় যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা ছিল, এটা হয়তো তারই পূর্বাভাস।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড় জেলার শীতার্ত মানুষের জন্য ইতিমধ্যে সরকারিভাবে ২২ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান জেলা প্রশাসনকে অবহিত করে জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে।