পার্বত্য চট্টগ্রাম এখন সারা দেশের অশান্তির কারণ: মেনন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শহরে আয়োজিত সংহতি সমাবেশে বক্তব্য দেন রাশেদ খান মেনন
ছবি: সৌরভ দাশ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড় এখন সারা দেশের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন।

আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ চত্বরে চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশের আয়োজন করে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ নামে একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।

রাশেদ খান মেনন বলেন, ‘দীর্ঘ লড়াই–সংগ্রাম পেরিয়ে শান্তিচুক্তি হয়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আজ আমরা উদ্বিগ্ন। পাহাড় আজ আবার অশান্ত। পাহাড়ের অশান্তিকে ঘিরে সারা দেশে অশান্তি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। জঙ্গিরা সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে যুবকদের এনে ট্রেনিং দিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিল। অর্থাৎ পাহাড়ের অশান্তি এখন সারা দেশের অশান্তি।’

মেনন আরও বলেন, ‘আশা ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ উদাহরণ হবে। দুর্ভাগ্য, তা হয়নি। বহুবার সরকারের কাছে আবেদন করেছি সংসদে। পার্বত্য ভূমি কমিশন আইন প্রণয়ন করতে। বারবার আমলারা হস্তক্ষেপ করেছে। পরে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। ৩০ হাজার ভূমিবিরোধের আবেদনের একটিও নিষ্পত্তি হয়নি। যে আইনে যে সমস্যার সমাধানের কথা ছিল, তা হয়নি।’

মেনন বলেন, জিয়াউর রহমান দেশের সাধারণ নিরীহ মানুষকে এনে পার্বত্য চট্টগ্রামে বসিয়ে দিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। শান্তিচুক্তিতে তাদের পুনর্বাসনের কথা ছিল। তা দূরে থাক, আজ এ বিষয় নিয়ে সেখানে গিয়ে কথা বলতে পারবেন না। আমরা যখন গেছি, হরতাল দিয়ে আটকে দেওয়া হয়েছে।’

মেনন আরও বলেন, ‘একদিন খালেদা জিয়া বলেছিল, এক–দশমাংশ চুক্তি করে ভারতের হাতে তুলে দেবে। ৩০ বছর হয়েছে, তা হয়নি। আজ যদি সরকারও একই যুক্তি দেয়, বিচ্ছিন্নতার কথা বলেন, তাহলে পাহাড়ে শান্তি আসবে না। শুধু পাহাড়ের মানুষ নয়, মূল স্রোতের সব মানুষকে এ দাবিতে এক হতে হবে। পাহাড়ি বাঙালি মিলে চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করব। এটা আমাদের দায়িত্ব।’

সিপিবি সভাপতি শাহ আলম বলেন, ‘যে সরকার চুক্তি করেছে, সে সরকার আজ ১৪ বছর ক্ষমতায়। তারা বাস্তবায়ন করছে না কেন? তাহলে সরকারের মধ্যে অন্য সরকার আছে কি না? চুক্তির সময় বিএনপি লং মার্চ করে বলেছিল, ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তা এত দিনে হয়নি।’

পাহাড়ি সংগঠনগুলোর উদ্দেশে শাহ আলম বলেন, ‘চুক্তির সময় এক ছিলেন। এখন নানা রকম বিভক্তি। রক্তক্ষয়ী অন্তর্ঘাত থেকে বেরিয়ে আসতে হবে। হয়তো বাইরের শক্তি সেখানে হাত ঢুকিয়েছে। পাহাড়িদের ঐক্য আবার গড়ে তুলতে হবে। পাহাড়ি ও বাঙালির ঐক্য গড়ে তুলতে হবে।’

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত সমাবেশের পর গণমিছিল হয়

সভাপতির বক্তব্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘মূলধারার জনগোষ্ঠীর অংশগ্রহণ, সমর্থন, সক্রিয় ভূমিকা ছাড়া সমস্যার সমাধান হবে না। বড় রাজনৈতিক দলগুলো এ প্রশ্নে নীরব। শুধু পাহাড়ে নয়, সমতলেও ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভূমি হারাচ্ছে। বড় দলগুলোর এ প্রশ্নে ভূমিকা দেখি না। তারা আছে ক্ষমতা রক্ষা ও দখলের লড়াইয়ে। কিন্তু মানুষ আছে নিজেদের কষ্টে। পাহাড়ের সমস্যা যেটা ছিল, সেখানে জঙ্গিবাদীদের উপস্থিতি ও পাহাড়ের বিভিন্ন গোষ্ঠীকে দেখছি। যদি একটি অঞ্চলকে অস্থির করে রাখা হয়, তাহলে সক্রিয় গোষ্ঠীগুলো পরিস্থিতি অস্থিতিশীল করতে পিছপা হয় না।’

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জনসংহতি সমিতির সদস্য সৌখিন চাকমা, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাসদের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ঐক্য ন্যাপের যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ ভূঁইয়া, চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোক্তা জাকির হোসেন, ন্যাপের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রণজিত দে, প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।