
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূরন নেহার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চরকপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে নূরন নেহারের লাশ দাফন করা হয়েছে। এর আগে লক্ষ্মণপুর চরকপাড়া ও বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামে দুই দফায় জানাজা হয়।
বীর মুক্তিযোদ্ধা নূরন নেহার বেগম প্রয়াত আবদুল ওয়াহেদ তালুকদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
নূরন নেহার বেগমের ছেলে ব্যাংক কর্মকর্তা কাওছার নাহিদ বলেন, ১০ ডিসেম্বর দুর্ঘটনায় আহত হন তাঁর মা। ১৪ ডিসেম্বর তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষ্মণপুর চরকপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে নানা-নানির কবরের পাশে তাঁর মাকে সমাহিত করা হয়েছে। তাঁর মা ২০১৩ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান।
নূরন নেহারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা সরকার, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক প্রমুখ।