গাজীপুরের শ্রীপুরে ‘মব’ তৈরি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেন। সঙ্গে আটক করা হয় আরও তিনজনকে।
গ্রেপ্তার দুজন হলেন মনির হোসেন (৪৫) ও মো. আদিল (২২)। তাঁরা টাঙ্গাইল সদর থানার একটি মামলার আসামি। ঘটনাস্থল থেকে আটক অন্য তিনজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
শ্রীপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় করা একটি মামলার আসামিদের ধরতে ওই থানার কয়েকজন সদস্য শ্রীপুর থানায় আসেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে আসামি ধরতে অভিযান চালানো হয়। শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম অভিযানে অংশ নেন। নিজমাওনা গ্রামে গিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের নিয়ে বাড়ি থেকে সড়কে ওঠার সময় হঠাৎ ওই এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে মিছিল করতে থাকেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালান।
শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসামি গ্রেপ্তার করার পর লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। পুলিশের হাতে কামড় দিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আবার অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মূল আসামিসহ মোট পাঁচজনকে অভিযান চালিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।