বকেয়া বেতন-ভাতার দাবিতে রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে সমাবেশ করেছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে রংপুর নগরের বুড়িরহাট রোডে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলেন, বিভিন্ন টালবাহানায় ২৬ মাস ধরে তাঁদের বেতন-ভাতা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। হাসপাতাল পরিচালকদের অব্যবস্থাপনার কারণে সেবা প্রতিষ্ঠানটির অচলাবস্থা তৈরি হয়েছে। ২০২০ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত হাসপাতালের সব নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মকর্তা, কর্মচারী—কেউই কোনো বেতন-ভাতা পাননি। বিভিন্ন সময় পরিচালকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু বিভিন্ন অজুহাতে টালবাহানা করে কালক্ষেপণ করতে থাকেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলী, তৈয়বুল ইসলাম, সিনিয়র নার্স আঞ্জুয়ারা বেগম, ওয়ার্ড মাস্টার ইনচার্জ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পাঁচ কোটি টাকার ওপরে দাঁড়িয়েছে। দীর্ঘ ২৬ মাস ধরে তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না। পরিচালকেরাও এখন আর হাসপাতালে আসেন না। কলেজ ও হাসপাতাল মিলে ২৭৫ কর্মকর্তা-কর্মচারী ছিলেন। অনেকেই আবার স্বেচ্ছায় চাকরি ছেড়েও দিয়েছেন। এখন ১৫০ জন স্টাফ আছেন।
এ বিষয়ে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকেয়া লাভলী বলেন, নর্দান মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ আছে। এখন শিক্ষার্থী ভর্তিও বন্ধ। এখন কোথায় থেকে তাঁদের টাকা দেবেন?
২০০০ সালে নর্দান মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছিল।