ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাজেট অধিবেশনেও সেটি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমার ধারণা, এখন পর্যন্ত এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোয় তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে।’
আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার। ঈদ উপলক্ষে পাঁচ দিনের সফরে দুপুরে ভোলায় পৌঁছান তিনি। নিজ নির্বাচনী এলাকা লালমোহনে যাওয়ার আগে ভোলা সার্কিট হাউসে তিনি যাত্রাবিরতি করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি দল বাজেট দেবে আর বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবেন। তিনি দেখবেন, বিরোধী দল যেন তাদের দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সময় পায়।
স্পিকার আশা প্রকাশ করে বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি কল্যাণমুখী বাজেট উপহার দেবে, যাতে করে জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য নেমে আসে। দেশবাসীর সংসদকে ঘিরে যে প্রত্যাশা রয়েছে, তা বাস্তবায়নে সংসদের প্রত্যেক সদস্য আন্তরিকভাবে কাজ করবেন বলেও তিনি বিশ্বাস করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা।