
ঘন কুয়াশায় ঢেকে আছে কুড়িগ্রামের জনপদ। এমন শীতের সকালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সমবেত হয়েছে। তাদের আগমনে মুখর হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ। উৎসবের আমেজ ছড়িয়েছে শিক্ষার্থীদের মধ্যে।
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠান চলছে। জেলার ৯টি উপজেলা থেকে ৯০৬ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করে। আজ তারা সকালেই উৎসবমুখর পরিবেশে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে হাজির হয়। বন্ধুসভার সদস্যরা কৃতী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও ফ্রেশের সৌজন্যে স্ন্যাকস বক্স তুলে দেন।
এসএসসি পরীক্ষার পর আমি কুড়িগ্রামে চলে আসি, তাই বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। আজ সংবর্ধনা অনুষ্ঠানে অনেকের দেখা পেলাম। আমার ভীষণ ভালো লাগছে।আঞ্জুমা আক্তার, কৃতী শিক্ষার্থী
সারা দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় পর্যায়ক্রমে কৃতী শিক্ষার্থী অনুষ্ঠান হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
কুড়িগ্রাম শহর থেকে ২৩ কিলোমিটার দূরের নাগেশ্বরী উপজেলা থেকে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান স্থলে আসে আঞ্জুমা আক্তার, জিনাত জাহান ও সোমাইয়া ইসলাম। তারা নাগেশ্বরী দয়াময়ী পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। একই স্কুলে পড়ে এসএসসি পরীক্ষা দিলেও পরীক্ষার পর আর তাদের দেখা হয়নি। অনেক দিন পর দেখা হয়ে তারা ভীষণ উচ্ছ্বসিত।
আঞ্জুমা আক্তার বলে, ‘কুড়িগ্রাম শহরের বাইরের উপজেলা শহরে পড়ালেখা করেছি। এত বড় অনুষ্ঠানে আগে কখনো আসা হয়নি। এসএসসি পরীক্ষার পর আমি কুড়িগ্রামে চলে আসি, তাই বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। আজ সংবর্ধনা অনুষ্ঠানে অনেকের দেখা পেলাম। আমার ভীষণ ভালো লাগছে।’
দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে গান, নাচ ও কবিতা আবৃত্তি। শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে অনুষ্ঠানে গুণীজনেরা কথা বলবেন।
কুড়িগ্রামের চিলমারী থানাহাট পাইলট উচ্চবিদ্যালয় থেকে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে আনিকা ইয়াসমিন ও তার বান্ধবী জাছিয়া হোসাইন। আনিকা বলে, ‘প্রথম আলো আমার প্রিয় পত্রিকা। আমি নিয়মিত কিআ (কিশোর আলো) পড়ি। প্রথম আলোর আয়োজনে শত শত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে সংবর্ধনা নিতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে। এত সুন্দর আয়োজনের জন্য প্রথম আলো ও তার সহযোগী সবাইকে ধন্যবাদ জানাই।’
বেলা ১১টার দিকে কুড়িগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুসরাত জাহান ও বসির আহমেদের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে গান, নাচ ও কবিতা আবৃত্তি। শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে অনুষ্ঠানে গুণীজনেরা কথা বলবেন। কুড়িগ্রাম জেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র সৌজন্যে বিনা মূল্যে কোর্স।