
ছুটে আসছে ট্রেন। সন্তানকে কোলে নিয়ে রেললাইনের ওপর ঠায় বসে ছিলেন মা। হুইসেল বাজানো হচ্ছিল ট্রেন থেকে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না মানসিক ভারসাম্যহীন মায়ের।
এরপর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মা আছিরন বেগম (২৮)। আহত হয় মায়ের কোলে থাকা শিশুপুত্র আরিয়ান মৃধা (৩)। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে গোবরার রাজশাহী রেলপথের বোয়ালমারী পৌরসভার আমগ্রাম দাশের বাড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী এক্সপ্রেস নামের ট্রেনটি গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারিকুল ইসলাম জানান, শিশুটির মাথা ফেটে গেছে এবং ডান পায়ের গোড়ালির মাংস সরে গিয়ে হাড় বের হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আছিরন বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের লিটন মৃধার স্ত্রী। লিটন নসিমনচালক। এ দম্পতির দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে। কিছুদিন ধরে আছিরন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তিনি কবিরাজি চিকিৎসার জন্য দেড় মাস আগে বোয়ালমারী পৌরসভার শিবপুর মহল্লায় তাঁর বাবা নাজিম উদ্দিন শেখের বাড়িতে আসেন। আজ সকালে সবার অজান্তেই ছোট ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন আসিরন বেগম।
বোয়ালমারী থানার সরকারি উপপরিদর্শক মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহত শিশুকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে যাবতীয় আইনগত প্রক্রিয়া রাজবাড়ী রেলওয়ে পুলিশ করবে।
বোয়ালমারী রেলস্টেশনে বর্তমানে কোনো স্টেশন মাস্টার নেই। দেখভাল করেন পাশের মধুখালীর স্টেশন মাস্টার মিন্টু রায়। তিনি জানান, ঘটনার খবর রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।