প্রথমে ফেল, পরে খাতা পুনর্মূল্যায়নে প্রতিবন্ধী জুলিয়ার মুখে হাসি

খাতা পুনর্মূল্যায়নের পর জুলিয়া আক্তার জিপিএ–৫ পেয়েছে
ছবি: প্রথম আলো

ভালো পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়েছিল প্রতিবন্ধী জুলিয়া আক্তার। চলতি বছর জুলিয়া এসএসসিপরীক্ষায় অংশ নিয়েছিল। এমন ফলাফল দেখে সে ভেঙে পড়েছিল। তবে জুলিয়ার আত্মবিশ্বাস ছিল, খাতা পুনর্মূল্যায়ন করা হলে ভালো ফলাফল আসবে। অবশেষে জুলিয়ার খাতা পুনর্মূল্যায়ন করে দেখা গেল, সে অকৃতকার্য হয়নি, বরং জিপিএ-৫ পেয়েছে।

গতকাল সোমবার এসএসসি পরীক্ষা ২০২২-এর পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে জুলিয়ার ফলাফল পরিবর্তিত হয়েছে। জুলিয়া এ বছর ঝিনাইদহের কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই বিদ্যালয়ের শিক্ষক শাহিনুল হাসান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। জুলিয়া কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের প্রতিবন্ধী নজরুল ইসলামের মেয়ে।

জুলিয়া কথা বলতে পারে না। তবে তার মুখের হাসি বলে দিচ্ছে, সে বেশ খুশি। ইশারায় জুলিয়া সবাইকে বোঝাচ্ছে, সে পড়াশোনা করে অনেক বড় হতে চায়। তার ইচ্ছা, পড়াশোনা করে সে চাকরি করবে। তবে আর্থিক টানাটানির সংসারে প্রতিবন্ধী মেয়েকে পড়াতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত জুলিয়ার বাবা নজরুল ইসলাম।

নজরুলও ঠিকমতো কথা বলতে পারেন না। ১০ বছর বয়সের আগে তিনিও কথা বলতে পারতেন না। এখনো কথা অস্পষ্ট। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্কুলে যেতে পারেননি। কৃষিকাজ করে নজরুলের সংসার চলে। ১০ শতক চাষযোগ্য জমি আছে নজরুলের। এ জমি আর অন্যের খেতে কাজ করেন তিনি। নিজে পড়াশোনা না করলেও সব সময় তিনি চেয়েছেন, ছেলেমেয়েরা পড়াশোনা চালিয়ে যাক। তবে বড় দুই মেয়ে শিখা আর শিলা বেশি দূর পড়াশোনা করতে পারেননি। তাঁদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে রাতুল (১২) ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

নজরুল ইসলাম বলেন, ‘ছোট মেয়ে প্রতিবন্ধী। সে কথা বলতে ও শুনতে পায় না। বুদ্ধি করে চলতেও পারে না। তবে ছোটবেলা থেকেই পড়ার প্রতি খুব আগ্রহ। বই পেলেই পড়তে বসে। মেয়ের এ ইচ্ছার জন্যই তাকে পড়ালেখা করাচ্ছি। পরীক্ষার পূর্বে রাত জেগে অনেক পড়েছে। নিজের মতো করে পড়ালেখা করত, বিদ্যালয়ে নিয়মিত ক্লাসও করত।’

জুলিয়ার পরিবার জানায়, জুলিয়া অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। তবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানতে পারে, রসায়নে অকৃতকার্য হয়েছে সে। এ ছাড়া বাংলায় পেয়েছে ‘এ’ গ্রেড। অন্য সব বিষয়ে ‘এ’ প্লাস। ফলাফল দেখে জুলিয়া হতাশ হয়ে পড়েছিল। পরে জুলিয়ার অনুরোধে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়। গতকাল পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, বাংলা ছাড়া সব কটি বিষয়ে তার জিপিএ-৫ এসেছে।

জুলিয়ার মা সেলিনা বেগম বলেন, এই ফলাফলে তাঁরা সবাই খুব আনন্দিত। এখন মেয়েকে কলেজে ভর্তির পরিকল্পনা করছেন তাঁরা। যদিও তাঁর মেয়ের শখ ছিল মানবিক বিভাগে পড়ালেখা করে বড় চাকরি করবে। তবে প্রতিবন্ধী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে কারিগরি শাখায় ভর্তি করিয়েছিলেন।

নজরুল ইসলাম বলেন, মেয়েকে ভর্তি করানোর বিষয়ে ইতিমধ্যে স্থানীয় দু–একটি কলেজে যোগাযোগ করেছেন। তবে এসব কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন, তাদের ভর্তির কোটা শেষ। এ ছাড়া আর্থিক কারণেও মেয়েকে পছন্দমতো কলেজে পড়াতে পারবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তিনি।
সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহিনুল হাসান বলেন, জুলিয়ার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ আছে। তবে কোনো কারণে তার ফলাফল ভুল এসেছিল। পুনর্নিরীক্ষার ফলাফলে জুলিয়া জিপিএ-৫ পেয়েছে। প্রতিবন্ধকতা জয় করে জুলিয়া এত ভালো ফল করায় বিদ্যালয়ের সবাই বেশ খুশি।

কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান বলেন, জুলিয়ার বাড়ি তাঁর এলাকায়। মেয়েটির বাবাও প্রতিবন্ধী। জুলিয়ার পড়াশোনার প্রতি আগ্রহ আছে। তবে তার বাবার আর্থিক অবস্থা খুবই দুর্বল।