নিরীক্ষা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ‘জামাই আদরে’ আপ্যায়নের পর পুলিশে সোপর্দ

ভুয়া কর্মকর্তা সেজে পৌরসভা নিরীক্ষা করতে এসে পুলিশের হাতে আটক তিনজন। আজ বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুরে
প্রথম আলো

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিরীক্ষা শাখার উপপরিচালকের স্বাক্ষর ও স্মারক নম্বর জালিয়াতি করে নাটোরের গুরুদাসপুর পৌরসভার নথিপত্র নিরীক্ষা করতে এসে ভুয়া নিরীক্ষা কর্মকর্তা ও তাঁর দুই সহযোগীকে পুলিশে দিয়েছে পৌরসভার কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে থানা-পুলিশে হস্তান্তর করা হয় তাঁদের।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করে  প্রথম আলোকে বলেন এ নিয়ে পৌরসভার পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

আটক নিরীক্ষা কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তির নাম এস এম ইউনুস আলী (৫৩)। তিনি লালপুর উপজেলার চক-নাজিরপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তাঁর সহযোগী সুমন আলী (৩৩) একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে। অপর ব্যক্তি তাঁদের গাড়িচালক শামীম পারভেজ। তিনি রাজশাহীর পবা উপজেলার বাঘমারা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী বলেন, নিরীক্ষা অধিদপ্তর থেকে তাঁর পৌরসভাটি নিরীক্ষার জন্য গত ২২ আগস্ট একটি অফিসে আদেশ পাঠায়। নিরীক্ষার জন্য ৩ সেপ্টেম্বর তিন সদস্যের প্রতিনিধিদল গুরুদাসপুর পৌরসভায় আসে। তারপর থেকেই তাদের ‘জামাই আদরে’ আপ্যায়ন চলছিল। পাশাপাশি পৌরসভার নথিপত্র ‘নিরীক্ষা’র কাজও করে যাচ্ছিল তারা।

নিরীক্ষা অধিদপ্তর থেকে আমার পৌরসভাটি নিরীক্ষার জন্য গত ২২ আগস্ট একটি অফিসে আদেশ পাঠাই। নিরীক্ষার জন্য ৩ সেপ্টেম্বর তিন সদস্যের প্রতিনিধিদল গুরুদাসপুর পৌরসভায় আসে। তারপর থেকেই তাদের জামাই আদরে আপ্যায়ন চলছিল।
শাহনেওয়াজ আলী, মেয়র, গুরুদাসপুর পৌরসভা

কিন্তু গত বুধবার বিকেল থেকে তাদের আচার-আচরণে অসংগতি লক্ষ করা যায়। এতে সন্দেহের সৃষ্টি হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিরীক্ষা বিভাগের উপপরিচালক কামাল আনোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন মেয়র। আজ বিকেলে সেখান থেকে উপপরিচালক মুঠোফোনে মেয়রকে জানান, তাঁর দপ্তর থেকে কোনো নিরীক্ষা প্রতিনিধিদল পাঠানো হয়নি বা কোনো পত্রও পাঠাননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ সময় তাঁদের ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার, ১০ হাজার টাকা, তিনটি মুঠোফোন ও আইডি কার্ড জব্দ করা হয়। ভুয়া নিরীক্ষা কর্মকর্তা এস এম ইউনুস আলী আগে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের নিরীক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের আগস্ট মাসে স্বেচ্ছায় অবসরে যান বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

পুলিশ হেফাজতে থাকা ইউনুস আলী প্রথম আলোকে বলেন, অবসরে যাওয়ার পর বাড়তি উপার্জনের জন্যই এ প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। পৌরসভার দুজন কর্মকর্তা নেপথ্যে সহযোগিতায় রয়েছেন। তাঁদের পরামর্শ ও সহযোগিতায় মন্ত্রণালয়ের ভুয়া আদেশপত্র তৈরি করে নিরীক্ষায় আসেন তাঁরা।

মেয়র শাহনেওয়াজ আলী জানান, নিরীক্ষার প্রতিবেদন তাঁদের পক্ষে দেওয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করেছিল প্রতারক চক্র। প্রাথমিকভাবে হাতখরচ বাবদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল তাদের। কিন্তু শেষে ধরা পড়ে প্রতারকদের আসল পরিচয়। মন্ত্রণালয়ের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মেয়র।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ প্রতারণার সঙ্গে পৌরসভার কোনো কর্মকর্তা জড়িত রয়েছেন কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন জানানো হবে।