
চট্টগ্রামের সাতকানিয়ায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেমুহনী এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন তেমুহনী এলাকায় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইনে ঘুরতে যান। এ সময় তাঁরা পাশের ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ৪০ বছর বয়সী কারও হবে। তাঁর পরনে কোনো কাপড়চোপড় ছিল না। তা ছাড়া শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।